নারায়ণগঞ্জে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১ এর অধিনায়ক হিসেবে কাজে যোগ দিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার লতিফ খান। শুক্রবার র্যাব সদরদপ্তরের সহকারী পরিচালক সাদিরা খাতুন এ তথ্য নিশ্চিত করেন।
সাদিয়া খাতুন বলেন, বৃহস্পতিবার এ সংক্রান্ত নির্দেশ হয়েছিল এবং শুক্রবার তিনি র্যাব-১১ তে যোগ দেন।
গত ২৭ এপ্রিল (রোববার) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২নং ওয়ার্ড কাউন্সিলর, প্যানেল মেয়র-২ ও আওয়ামী লীগ সমর্থক নজরুল ইসলাম ওরফে গোঁয়ার নজরুল ও তার চার সহযোগীকে তাদের বহনকারী প্রাইভেটকারসহ র্যাব পরিচয়ে অপহরণ হয়। একইসময়ে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহিমও নিখোঁজ হন।
পরে র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মাহমুদ ও সেনাবাহিনীর মেজর আরিফ হোসেন এবং নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার এমএম রানাকে চাকরিচ্যুত করা হয়।
নারায়ণগঞ্জে অপহরণের চাঞ্চল্যকর এ ঘটনার দুদিন পর নারায়ণগঞ্জের পুলিশ সুপার, দুটি থানার ওসির পাশাপাশি র্যাবের ওই তিন কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়।
সর্বশেষ বৃহস্পতিবার পুলিশের ৮১ কর্মকর্তাকে একযোগে নারায়ণগঞ্জ থেকে বদলি করা হয়। তাদের মধ্যে দুইজন পরিদর্শক, ৪০ জন উপপরিদর্শক (এসআই) এবং ৩৯ জন সহকারী উপপরিদর্শক (এএসআই) রয়েছেন।