সঞ্চারণশীল মেঘমালার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখাতে বলা হয়েছে।
এই মেঘমালার প্রভাবে বন্দর নগরী চট্টগ্রামে রোববার ভোর থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বেলা ৩টা পর্যন্ত নয় ঘণ্টায় ১৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে চট্টগ্রাম আবহাওয়া দপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর এবং এর সংলগ্ন উপকূলীয় এলাকায় সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি হয়েছে।
এর প্রভাবে উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আভাসে বন্দরগুলোকে ৩ নম্বর সঙ্কেত দেখাতে বলেছে অধিদপ্তর।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
চট্টগ্রামে আগামী ২৪ ঘণ্টায়ও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়ার পূর্ভাবাসে বলা হয়েছে।
টানা বৃষ্টিপাতের কারণে সকাল থেকেই তলিয়ে গেছে বন্দরনগরীর অধিকাংশ এলাকা।
সড়কে যানবাহনের সংখ্যা কমে গেছে। ফলে স্কুল-কলেজ ও অফিসমুখী মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করে।
এদিকে, ভারি বর্ষণের কারণে চট্টগ্রামে পাহাড়ের নিচে বসবাসকারী দ্রুত সেখান থেকে স্থান ত্যাগ করার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।