বঙ্গবন্ধুর পরিবারকে হেয় করতে ও ধানমন্ডি মাঠ রক্ষার আন্দোলনকে ভিন্ন খাতে নেয়ার জন্য ধানমণ্ডি মাঠ ক্লাবে ভাঙচুরের ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ করেছেন পরিবেশবাদী নেতারা। রোববার রাজধানীর ছায়ানট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন তারা।
নেতারা বলেন, আন্দোলন বন্ধ করতেই আন্দোলনকারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হচ্ছে। ধানমন্ডি ক্লাব কার্যালয়ে শুক্রবার রাতে হামলার ঘটনা নিয়ে এক সংবাদ সম্মেলনে উঠে আসে এসব কথা।
ধানমন্ডি মাঠের পুরোন স্থাপনা উচ্ছেদ এবং নতুন স্থাপনা নির্মাণ বন্ধের দাবি নিয়ে যখন পরিবেশবাদীদের আন্দোলন চলছে- এ অবস্থায় শুক্রবার রাতে মাঠে শেখ জামাল ক্লাবে দুর্বৃত্তরা ভাঙচুর চালায়। মাঠের ফটকের বা দিকে শেখ জামালের ম্যুরালেও কালো কালি দেয়ার পর ক্লাব কর্তৃপক্ষ পরে তা সাদা ব্যানারে ঢেকে দিয়েছে। দুর্বৃত্তরা সরকারবিরোধী কয়েকটি ব্যানার টাঙালেও পরে তা সরিয়ে ফেলা হয়। পরে এঘটনায় ইশতিয়াক নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। রোরবার আদালতে হাজিরা দিয়ে জামিন পান তিনি।
এ ভাঙচুরের ঘটনা সম্পূর্ণ সাজানো বলে অভিযোগ করেছেন পরিবেশবাদী সংগঠন বাপার যুগ্ম সম্পাদক স্থপতি ইকবাল হাবিব গ্রেপ্তারকৃত ইশতিয়াককে পরিবেশকর্মী উল্লেখ করে ভাঙচুরের ঘটনায় তার জড়িত থাকার অভিযোগ তারা নাকচ করে দেন।
একটি মহল বঙ্গবন্ধু পরিবারকে হেয় করতে ও আন্দোলনকে বাধাগ্রস্ত করার চক্রান্ত করছে বলে অভিযোগ করেন পরিবেশবাদী ধানমন্ডি মাঠ রক্ষা আন্দোলনের সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেন।
সংবাদ সম্মেলনে আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ হয়ে কাজ করার আহ্বান জানান তারা।