মৌলভীবাজারের কুলাউড়ায় শতকোটি টাকা মূল্যের মনছড়া বিটের ২৮০ একর বনভুমি লিজ দেয়া হচ্ছে মাত্র ৫৫ লাখ টাকায়। কুলাউড়ায় এই রক্ষিত বন কেটে চা বাগান করার অনুমতি দিয়েছে ভূমি মন্ত্রনালয়। এতে করে বিলিন হতে বসেছে মনছড়া বন বিটটি।
যেখানে বিভিন্ন প্রজাতির কয়েক কোটি টাকার গাছ রয়েছে, রয়েছে ১৩৪টি পরিবারের অংশিদারিত্ব ভিত্তিক সামাজিক বনায়ন। এ লিজের সংবাদে হতভম্ভ বন বিভাগের কর্মকর্তারা।
এদিকে, লিজ দেয়ার প্রতিবাদে বনের ভেতরেই মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
মৌলভীবাজারের কালিটি চা বাগান মালিক, মনছড়া বিটের প্রায় ২৮০ একর ভুমিকে তাদের দখলে রয়েছে এবং এটি বৃক্ষহীন খাস পাহাড় বয়ে দাবি করেছে। অথচ এ জমিতেই রয়েছে সমৃদ্ধ একটি বন। যার বিভিন্ন স্থানে ঘন বৃক্ষের জন্য সূর্যের কিরণও পৌঁছায়না। যেখানে রয়েছে বন বিভাগের বিট অফিস এবং ১৩৪টি পরিবারের অংশিদারিত্ব ভিত্তিক সামাজিক বনায়ন।
এ বন লিজ হলে পরিবেশের ভারসাম্য হারানোর পাশাপাশি হারিয়ে যাবে সেগুন, গর্জন, চাপালিসহ বিভিন্ন প্রজাতির গাছের বাগান আর নানান জীবজন্তু।
এ বন থেকে সরকার ইতোমধ্যে আহরণ করেছে শত কোটি টাকার রাজস্ব এবং বর্তমানেও রয়েছে শত কোটি টাকার বনজ সম্পদ। আর এ বনই চা বাগানের নামে ইজারা হচ্ছে মাত্র ৫৫ লক্ষ টাকায়।
জেলার কালিটি চা বাগানের ২৮০ একর জমি মাত্র ৫৫ লাখ টাকায় লিজ দেয়াটা কতটুকু গ্রহনযোগ্য তা বিবেবচনার বিষয় বলে জানিয়েছেন সিলেট বিভাগীয় বন কর্মকর্তা।
বিভাগীয় বন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, ‘সরকারের শত শত কোটি টাকার সম্পদ মাত্র ৫৫ লক্ষ টাকা বিনিময়ে লিজ দেয়া কতটুকু গ্রহণযোগ্য তা বিবেচনার বিষয়।’
এ ব্যাপারে মৌলভীবাজার জেলা প্রশাসক জানালেন, বিষয়টি তিনি খতিয়ে দেখছেন।
মনছড়া বিটের এ বনভূমি চা বাগানের নামে ইজারা দিলে মৌলভিবাজারের কুলাউরা উপজেলায় ভয়াবহ পরিবেশ বিপর্যয় ঘটবে। শতকোটি টাকার এ সম্পদ মাত্র ৫৫ লাখ টাকায় কার স্বার্থে ইজারা দেয়া হচ্ছে? সে প্রশ্ন এখন স্থানীয় সবার মুখে।