ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার চাপালী গ্রামে মঙ্গলবার সাবেক প্যানেল মেয়র ও বিএনপি নেতা ইসমাইল হোসেন (৫০) কে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা- ওসি আনোয়ার হোসেন দেশ টিভিকে বলেন, জেলার কালীগঞ্জ পৌর এলাকার চাপালী গ্রামের নিত্যদিনের মতো সকালেও নিজ গ্রামের রাস্তায় হাঁটতে বের হন। এ সময় ওৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্বকভাবে আহত করে।
এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করেন। তার অবস্থার অবনতি হলে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ৯ টার দিকে তাকে মৃত বলে ঘোষণা করে।
ইসমাইল কালীগঞ্জ পৌর সভার প্যানেল মেয়র হিসেবে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করছিলেন। বর্তমানে তিনি কালীগঞ্জ উপজেলা বিএনপির একাংশের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। এ হত্যাকাণ্ডকে ঘিরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
নিহত ইসমাইল হোসেনের ছেলে ইমরান হোসেন অভিযোগ করেন, এলাকার চিহ্নিত সন্ত্রাসী চাপালী গ্রামের লুৎফর রহমানের ছেলে আওয়ামী লীগের ক্যাডার শাহজাহানের নেতৃত্বে একদল সন্ত্রাসী তার পিতাকে হত্যা করেছে।
এলাকাবাসী জানায়, শাহজাহান এক মাস আগে জেল থেকে ছাড়া পেয়ে স্থানীয় আওয়ামী লীগে যোগদান করে। সামাজিক বিরোধর জের ধরে বিএনপি নেতা ইসমাইল হোসেনকে হত্যা করা হতে পারে বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় এখনো কোনো মামলা হয়নি।