ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যার প্রতিবাদে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে জেলা আওয়ামী লীগ নেতাকর্মীরা। হরতাল সফল করতে সকাল থেকে দফায় দফায় বিক্ষোভ মিছিল-সমাবেশ করেন তারা। এ সময় একরামুল হত্যার জন্য সংসদ সদস্য নিজাম হাজারীকে অভিযুক্ত করে শ্লোগান দেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।
হরতাল সফল করতে ফেনীর পরশুরাম সড়কের বিভিন্ন জায়গায় গাছের গুড়ি ফেলে, আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ রেখে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেন তারা। এ সময় একরামুল হত্যার জন্য সংসদ সদস্য নিজাম হাজারীকে অভিযুক্ত করে শ্লোগান দেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।
উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় সব দোকানপাট বন্ধ রয়েছে। অফিস-আদালতে উপস্থিত কম। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় পুলিশ ও র্যা বের পাশাপাশি মোতায়েন করা হয়েছে বিজিবি।
উল্লেখ্য, গত মঙ্গলবার ফেনী শহরের একাডেমি এলাকায় ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হককে বহনকারী গাড়ি থামিয়ে গুলি করে, কুপিয়ে ও আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়। ওই গাড়ির ভেতর পুড়ে মারা যান একরামুল।
পরে দিবাগত রাত একটার দিকে একরামুলের বড় ভাই রেজাউল হক ফেনী থানায় হত্যা মামলা করেন। মামলায় জেলা তাঁতী দলের আহ্বাক ও উপজেলা নির্বাচনে (একরামুলের বিপক্ষে) বিএনপি-সমর্থিত প্রার্থী মাহতাব উদ্দিন চৌধুরীর নাম উল্লেখ করে আরো ৩৫ জনকে ‘অজ্ঞাত’ আসামি করা হয়।
এ ঘটনায় ২৫ জনকে আটক করা হলেও পরে ২ জনকে গ্রেপ্তার দেখিয়ে বাকিদের ছেড়ে দেয় পুলিশ।