ইন্টার্ন নার্সদের ওপর হামলাকারী ইন্টার্ন চিকিৎসকদের শাস্তিসহ ৪ দফা দাবিতে বৃহস্পতিবার টানা চতুর্থ দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন সিলেট নার্সিং কলেজের শিক্ষার্থীরা।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, আন্দোলনকারী শিক্ষার্থীরা সিলেট নার্সিং কলেজের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। কালো ব্যাজ ধারণ করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান শিক্ষার্থীদের সঙ্গে দেখা করে আন্দোলন প্রত্যাহারের অনুরোধ জানান। তবে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তার অনুরোধ প্রত্যাখ্যান করেন।
এদিকে, ওই হামলার ঘটনা তদন্তে স্বাস্থ্য মন্ত্রণালয় উপ-সচিব মনিরুল ইসলামকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে। কমিটি বৃহস্পতিবার সকালে সিলেট গেছে। পাশাপাশি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একটি তদন্ত কমিটিও ঘটনা তদন্তে কাজ করছে।
এর আগে রোববার ইন্টার্ন নার্সদের ওপর হামলা চালায় শিক্ষানবীশ চিকিৎসকরা। এতে ২ জন ইন্টার্ন নার্স আহত হন।
এ হামলার প্রতিবাদে রাজধানীতেও ঢাকা নার্সিং কলেজের শিক্ষার্থীরাও কালো ব্যাজ ধারণ করে বিক্ষোভ সমাবেশ করে। এ সময় আগামী দুই দিনের জন্য কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন তারা।