ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হককে হত্যার ঘটনায় পরস্পরের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছেন আওয়ামী লীগের বর্তমান ও সাবেক দুই সাংসদ। জয়নাল হাজারী একরাম হত্যায় জড়িত এবং তাকে রিমান্ডে নিলে সব তথ্য বেরিয় আসবে বলে দাবি করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী।
একরামুল হত্যার প্রতিবাদে ফেনীর ফুলগাজীতে আওয়ামী লীগের নেতাকর্মীরা হরতাল পালন করে। এ সময় একরামের সমর্থকরা হত্যাকাণ্ডের জন্য নিজাম হাজারীকে দায়ী করেন।
ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যার ঘটনায় নিজাম উদ্দিন হাজারীর সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর সংবাদ সম্মেলন করেন ফেনী-২ আসনের সাংসদ নিজামউদ্দিন হাজারী।
এ সময় নিজাম উদ্দিন হাজারী এ হত্যাকাণ্ডে জড়িত থাকার সব অভিযোগ অস্বীকার করে বলেন, সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারী এ হত্যাকাণ্ডে জড়িত।
আর সাবেক সাংসদ জয়নাল হাজারী সরাসরি এ অভিযোগ প্রত্যাখ্যান করে পাল্টা অভিযোগ করেন, এ হত্যাকান্ডের সঙ্গে নিজাম উদ্দিন হাজারী ও তার সমর্থকরা জড়িত।
উল্লেখ্য, মঙ্গলবার ফেনীতে খুন হন ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক। তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী মিনারকে প্রধান আসামি করে অজ্ঞাত নামা ৩০ থেকে ৩৫ জনের বিরুদ্ধে মামলা করেন একরামের ভাই। এ ঘটনায় ২৫ জনকে আটক করা হলেও পরে ২ জনকে গ্রেপ্তার দেখিয়ে বাকিদের ছেড়ে দেয় পুলিশ।