অপহরণের চার দিন পর সোমবার দিনাজপুরের মহব্বতপুর থেকে অপহরণ হওয়া স্কুলছাত্র মোরসালিনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই নারীসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। এদিকে, নাটোরে সিংড়া উপজেলার বারনই নদী থেকে চতুর্থ শ্রেনীর এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার কেরছে পুলিশ।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, গত বৃহস্পতিবার দিনাজপুর সদর উপজেলার মোহব্বতপুর গ্রামের নবম শ্রেনীর ছাত্র ছাইয়েদুল মোরসালিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় একই এলাকার রশিদুল ইসলাম। স্বজনদের অভিযোগ, এরপর থেকেই সে নিখোঁজ ছিল। এর পরদিন মোরসালিনের বাবা মোকছেদুল ইসলামের ফোনে ৫০ লাখ টাকা মুক্তিপন দাবি করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় ওই রাতেই কোতয়ালী থানায় অভিযোগ দায়ের করলে শনিবার রশিদুল ইসলাম ও সবুজার রহমানকে আটক করে পুলিশ।
অপহরণের চার দিন পর ধানক্ষেত থেকে মোরসালিনের মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পুলিশ গিয়ে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেয়।
পরে রশিদুল ইসলামের বাড়িতে পুলিশের অভিযানে মৃতদেহ পুতে রাখার আলামতও পাওয়া যায়। এ ঘটনায় পুলিশ রশিদুলের পিতা ওবায়দুর রহমানসহ ৩ জনকে আটক করেছে।
এদিকে, নাটোরের সিংড়ার বারনই নদী থেকে হৃদয় হোসেন নামে চতুর্থ শ্রেনীর এক স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বাড়ি থেকে বের হলে আর ফিরে আসেনি হৃদয়।
পরে সকালে বারনই নদীতে মৃতদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।