সরকার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) দিয়ে অন্যায় কাজ করাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। র্যাব গুম-খুনের ব্যবসা করছে বলেও জানান তিনি।
গুম-খুন ও অপহরণের প্রতিবাদে বুধবার মুন্সিগঞ্জ লঞ্চঘাট সংলগ্ন হাট লক্ষ্মীগঞ্জে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই সরকারের সমালোচনা করেন বিএনপি চেয়ারপারসন।
দেশে এখন ফ্রি স্টাইলে সন্ত্রাস ও টেন্ডারবাজি চলছে উল্লেখ করে আবারও র্যাবের বিলুপ্তি দাবি করে তিনি বলেন, ‘অনেকেই বলেন র্যাবকে সংস্কার করতে হবে, সংস্কার দিয়ে হবে না। এ র্যাব এখন পঁচে গেছে, ক্যান্সার হয়ে গেছে। ফলে র্যাবকে এখন বিদায় করা দরকার। সংস্কার করলে এদের চরিত্র বদল হবে না। বরং এরা সশস্ত্র বাহিনীকে বিতর্কিত করছে। এ র্যাবকে দিয়ে আর কোনো কিছুই হবে না।’
এ সময় নারায়ণগঞ্জের ৭ খুনের ঘটনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জবাবদিহি করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘নারায়ণগঞ্জে যখন ঘটনা ঘটেছে তখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন শেখ হাসিনা। তাই শেখ হাসিনাকে আইনের আওতায় আনতে হবে। তাকে জবাবদিহি করতে হবে।’
তিনি আরো বলেন, ৫ জানুয়ারির নির্বাচনে জনগণের ইচ্ছার প্রতিফলন হয়নি। তাই অবৈধ সরকার নিজেদের ইচ্ছামতো কাজ করছে। সরকার র্যাবকে রাজনৈতিক কাজে ব্যবহার করছে।
গণতন্ত্রের স্বার্থে সরকারকে অবিলম্বে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান বিএনপি চেয়ারপারসন।