যশোরের অভয়নগর উপজেলায় রাজঘাট বাজারের আহাদ জুট মিলের সামনে মঙ্গলবার ট্রাক ও থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে ৭ জন মারা গেছেন।
নিহতরা হলেন : মন্টু কর্মকার (৩৫), টুটুল (৩৫), গোপাল বালা (৫০), ইকবাল মোল্লা (৫৫), হরিতোষ সাহা (৬০), ফারুক হোসেন (৩০)। তবে একজনের পরিচয় জানা যায়নি।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকাল পৌনে ৮টার দিকে একটি থ্রি হুইলার যাত্রী নিয়ে যশোর-খুলনা মহাসড়ক দিয়ে রাজঘাট এলাকা পার হচ্ছিল। এ সময় বিপরীত দিকে থেকে আসা ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই অটোরিকশার ৭ জন যাত্রী মারা যান।
পরে প্রাথমিকভাবে স্থানীয় লোকজন উদ্ধারকাজ শুরু করেন। তবে থ্রি হুইলারে কতজন যাত্রী ছিলেন, তা জানা যায়নি। স্থানীয়ভাবে চলাচলকারী এ থ্রি হুইলারে কমপক্ষে ১২ জন যাত্রী বসতে পারে। ঘটনার পর থেকে ট্রাকের চালক পলাতক রয়েছে।
ঘটনার পর উত্তেজিত জনতা যশোর-খুলনা মহাসড়ক অবরোধ করায় মহাসড়কের উভয়পাশে শত শত যানবাহন আটকা পড়েছে। ফলে চরম ভুগান্তিতে পড়েছেন যাত্রীরা।