অপহৃত হওয়ার সাড়ে তিন বছর পর বৃহস্পতিবার দেশে ফিরেছেন সাত নাবিক। সকাল ৯টায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে হযরত শাহজালাল বিমান বন্দরে পৌঁছান তারা।
এ সময় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও পররাষ্ট্রপ্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তারা বিমানবন্দরে তাদের অর্ভ্যথনা জানান।
জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক অফিস ইউএনওডিসি এবং লন্ডনভিত্তিক মেরিটাইম পাইরেসি অ্যান্ড হিউমেনিটেরিয়ান রেসপন্স প্রোগ্রামের (এমপিএইচআরপি) সহযোগিতায় তাদের মুক্ত করা হয়। এয়ারপোর্টে পৌঁছানোর পর সাত নাবিককে স্বাস্থ্য পরীক্ষার জন্য উত্তরার হোটেল মেরিনোতে নেয়া হয়।
শুক্রবার বিকেলে হোটেল মেরিনোতে মুক্ত নাবিকেরা সংবাদ সম্মেলন করবেন বলে জানান তাদের উদ্ধারে মূল ভূমিকা রাখা সংস্থা এমপিএইচআরপি এর কর্মকর্তারা।
২০১০ সালের ২৬ নভেম্বর সোমালিয়ার উপকূল থেকে অপহৃত হয় মালয়েশিয়ার পণ্যবাহী জাহাজ। এতে বাংলাদেশের সাতজনসহ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইরানের ২৩ জন নাবিক ছিলেন।