একটি মহল দেশকে অস্থিতিশীল করে ধ্বংসের ষড়যন্ত্র করছে –এ অভিযোগ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার টাঙ্গাইলে জেলা জজ কোর্ট প্রাঙ্গণে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নতুন পাঁচতলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, একটি মহল দেশকে অস্থিতিশীল করে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করছে। নতুন প্রজন্মকে তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।
আইনের শাসন প্রতিষ্ঠাই এ সরকারের লক্ষ্য-উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, এ দেশে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাই আইনের শাসন প্রতিষ্ঠা শুরু করছেন। জনগণকে আইনি সহায়তা দেয়ার জন্য একটি আইন করা হয়েছিল। বিএনপি সেই আইন বন্ধ করে দিয়েছিল। পুনরায় তা চালু করে প্রতিটি জেলায় আইনগত সহায়তা কেন্দ্র করা হয়েছে। যে কেউ চাইলে সেখান থেকে আইনি সহায়তা নিতে পারবে। আমরা একটি সুন্দর সমাজ চাই। সেই সমাজ গড়ার প্রথম সহায়ক হলো আইনের শাসন।"
তিনি বলেন, বিডিআর বিদ্রোহ মামলা পৃথিবীর অন্তত পাঁচটি মামলার অন্যতম একটি মামলা; সেই মামলাও শেষ হয়েছে। বিচারের বাণীকে আমরা নিভৃতে কাঁদতে দেইনি। দেশে প্রায় ২৮ হাজার মামলা জট হয়েছে। নতুন ভবন নির্মাণের ফলে মামলা জট কিছুটা হলেও কমবে।
অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, বিচারবিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। বিচারবিভাগ পৃথকীকরণের ফলে একসাথে ৬০০ বিচারককে ম্যাজিস্ট্রেসিতে পদায়ন করা হয়। এ কারণে বিচারকের শূন্যতা সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে আমরা কয়েক শ' সহকারী জজ নিয়োগ দিয়েছি। সারাদেশে আদালতের অবকাঠামো নির্মাণের জন্য ৮৭০ কোটি টাকা ব্যয়ে ভবন নির্মাণ হয়েছে। দ্রুতই সব সঙ্কট দূর হয়ে যাবে।
ইনডেমনিটি দিয়ে বঙ্গবন্ধু হত্যা মামলা বন্ধ করা হয়েছিল-উল্লেখ তিনি বলেন, কিন্তু তারা পারে নাই। জিয়াউর রহমান হত্যা মামলার বিচার হয় নাই। আমরা বিচার না করার সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছি। শেখ হাসিনাই জিয়াউর রহমানের হত্যা মামলা শুরু করেছিলেন।
তিনি আরো বলেন, বিএনপি দেশকে ধ্বংস করার জন্য নতুন প্রজন্মকে অতল গহ্বরে নেয়ার জন্য মিথ্যাচার করছে, বিভ্রান্তি ছড়াচ্ছে। বিএনপি কোনো ইতিহাস জানে না। তাদেরকে নিয়ে সমালোচনা করতে চাই না।