সাতক্ষীরার সদর উপজেলায় শুক্রবার ভোরে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ইসলাম মোড়ল (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
পলিশের দাবি, নিহত ইসলাম মোড়ল একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। একটি পরিবহনে ডাকাতির চেষ্টাকালে পুলিশ অভিযান চালালে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি ইনামুল হক জানান, ভোররাত সাড়ে ৩টার দিকে ছয়ঘরিয়া এলাকায় ১৫/১৬ জনের সংঘবদ্ধ একদল ডাকাত ঢাকার একটি পরিবহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ।
তিনি জানান, এ সংবাদের ভিত্তিতে পুলিশ ছয়ঘরিয়া এলাকায় অভিযানে যায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে ইট, পাটকেল নিক্ষেপ করে ও গুলি চালায়। এসময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।
ওসি ইনামুল জানান, একপর্যায়ে পুলিশের গুলিতে ডাকাত ইসলাম মোড়ল ঘটনাস্থলেই নিহত হন এবং তার সহযোগীরা পালিয়ে যায়।
তিনি আরো বলেন, নিহত ইসলাম মোড়ল আন্তঃজেলা ডাকাতদলের সর্দার। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও চাঁদাবাজির মামলা রয়েছে।