জমি নিয়ে বিরোধের জের ধরে নীলফামারীতে এক কৃষককে হত্যার দায়ে সাত জনকে মৃত্যুদণ্ড ও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার নীলফামারীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান এ রায় ঘোষণা করেন।
জানা গেছে, দণ্ডপ্রাপ্ত সব আসামি পলাতক রয়েছে।
আসামিরা হলো: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের ঢেরাই ওরফে রফিকুল ইসলাম, মো. তুলাব, উত্তর কুঠিপাড়া গ্রামের আবদুর রাজ্জাক, সৈয়দপুর উপজেলার খাতা মধুপুর গ্রামের আতাহার আলী, জলঢাকা উপজেলার কাজীরহাট পূর্বপাড়া গ্রামের মহসীন আলী, রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার খেচনী আলম বিদিতর গ্রামের মহু ওরফে মহুবার ডাকাত ও জেলা সদরের মন্থনা মাজারের পার গ্রামের মিন্টু মিয়া ওরফে শাহিন ওরফে বিটুল ওরফে জাহাঙ্গীর।
যাবজ্জীবন সাজা পাওয়া দুই আসামি হলো: সৈয়দপুর উপজেলার খাতা মধুপুর গ্রামের রফিকুল ইসলাম ওরফে মামুন ও তার ভাই অফিসার রহমান।
এ ছাড়া এই মামলায় বেকসুর খালাস পেয়েছেন খাতা মধুপুর গ্রামের জুলফিকার আলী ওরফে ভুট্টু ও কিশোরগঞ্জ উপজেলার নিতাই ডাঙ্গাপাড়া গ্রামের আতিয়ার রহমান।
মামলার সংক্ষিপ্ত বিবরণে উল্লেখ করা হয়েছে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ও অভ্যন্তরীণ কোন্দলের কারণে ২০০৮ সালের ২৭ জুলাই রাত ১২টার দিকে কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের কৃষক আবদুল জব্বারকে অভিযুক্ত ব্যক্তিরা বাড়ি থেকে ডেকে একই ইউনিয়নের নয়নখাল গ্রামে নিয়ে যান। সেখানে তারা জব্বারের হাত-পা ও চোখ বেঁধে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে তাকে হত্যা করে।
এ ঘটনায় ২৮ জুলাই নিহত ব্যক্তির ছেলে আবদুস ছালাম বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।