লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
বুধবার রাতে দিকে উপজেলার জগতবেড় ইউনিয়নের শমসেরনগর আমবাড়ী সীমান্তে নিহত শিমুল প্রধান (২৮) গরু ব্যবসায়ী বলে জানা গেছে।
বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি জানিয়েছে, পাটগ্রাম উপজেলার পাটগ্রাম ইউনিয়নের ধবলসূতী খ্যানপাড়া এলাকার শিমুলসহ সাত থেকে আটজনের এক দল গরু ব্যবসায়ী রাতে ভারত থেকে গরু নিয়ে ফেরার পথে কুচবিহার-৩৫ বিএসএফ ব্যাটালিয়নের চোয়াঙ্গারখাতা ক্যাম্পের টহল দলের সামনে পড়ে যায়।
এ সময় বিএসএফের টহল দলের সদস্যরা তাদের ধাওয়া করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে শিমুল ঘটনাস্থলেই মারা যান। শিমুলের মরদেহ বাড়িতে নিয়ে আসে তার সঙ্গে থাকা সদস্যরা।
নিহতের বড় ভাই বুলবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়েছে। ৫ রাউন্ড গুলিবর্ষণ করেছে বিএসএফ। বুকে গুলি লেগেছে তার।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সফিউল আলম খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে কড়া প্রতিবাদপত্র পাঠানো হয়েছে। পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।