চট্টগ্রামে পুলিশ হেফাজতে রুকুনুজ্জামান নামে এক সাবেক বীমা কর্মকর্তা এবং আবাসন ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
পুলিশ জানিয়েছে, বুধবার গভীররাতে একটি নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার হওয়ার পর অসুস্থ হয়ে পড়লে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে সেখানে তার মৃত্যু হয়।
তবে নিহতের পরিবারের দাবি গ্রেপ্তারের পর পুলিশী নির্যাতনে তার মৃত্যু হয়েছে।
পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা উপ-পুলিশ কমিশনার (উত্তর জোন) সিএমপি হারুন অর রশিদ হাজারী এ অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন।
নিহতের পরিবারের সুস্পষ্ট অভিযোগ থাকলে এ বিষয় তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
তবে স্বজনদের অভিযোগ, বুধবার গভীররাতে নগরীর বাকলিয়া সৈয়দ শাহ রোডের এহসান সিটির বাসা থেকে পুলিশ গ্রেপ্তার করে মো. রুকুনুজ্জামানকে। এ সময় পুলিশের সঙ্গে নিহতের মা ও স্ত্রীসহ প্রতিবেশিদের বাকবিতন্ডা হয়। পুলিশ দরজা ভেঙ্গে বাসায় প্রবেশ করে। বাসার আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র ভাঙচুরের অভিযোগ করেছে তারা। সুস্থ ব্যক্তিকে গ্রেপ্তারের পর নির্যাতন করে তাকে মেরে ফেলা হয়েছে বলে দাবি পরিবারের।
নিহত রুকুনুজ্জামান আগে একটি বীমা কোম্পনির জেনারেল ম্যানেজার ছিলেন। পরে আবাসন ব্যবসা করতেন বলে জানা গেছে। তার দুই স্ত্রী আলাদাভাবে বসবাস করেন।