শিক্ষক সংকট সমাধানসহ নয় দফা দাবিতে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরা আন্দোলন করছেন।
সেইসঙ্গে ক্লাস ও পরীক্ষা বর্জন করে কলেজ ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন তারা। সব মিলিয়ে অচলাবস্থায় এখন পাবনা মেডিকেল কলেজ।
গত ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন পাবনা মেডিকেল কলেজের। কলেজটি সঠিকভাবে পরিচালনায় মোট ১৬৭ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর প্রয়োজন। এরমধ্যে ৭৫ জনের নিয়োগ প্রক্রিয়া এখনো চলছে। আর যারা কর্মরত রয়েছেন তাদের অধিকাংশই পাবনা মানসিক হাসপাতাল থেকে এসে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।
এছাড়া কলেজের নিজস্ব কোনো হাসপাতাল না থাকায় ২৫০ শয্যার পাবনা সদর হাসপাতালটি মেডিকেল হিসেবে ব্যবহৃত হচ্ছে।
শিক্ষক সংকট সমাধান, অধ্যক্ষ অপসারণ ও হোস্টেল নির্মাণসহ ৯ দফা দাবিতে গত ৩১ মে থেকে আন্দোলন করছে শিক্ষার্থীরা।