টানা বৃষ্টিতে বন্দরনগরী চট্টগ্রামের অধিকাংশ এলাকায় জলাবদ্ধতার তলিয়ে গেছে রাস্তা-ঘাট, ঘরবাড়ি।
রাস্তা ডুবে যাওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছেন চট্টগ্রামবাসীকে। উপকূলীয় জেলাগুলোতে জলোচ্ছ্বাস ও চট্টগ্রামে পাহাড়ধসের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার রাত থেকে টানা বৃষ্টিতে ডুবে গেছে বন্দরনগরীর রাস্তা-ঘাট। পানিতে তলিয়ে গেছে বাসা-বাড়ির নিচতলা ও দোকানপাট। নগরীর চকবাজার, হালিশহর, বাকলিয়া, মুরাদপুর, আগ্রাবাদ, বহদ্দারহাট, চান্দগাঁও আবাসিক এলাকাসহ বেশিরভাগ এলাকারই এ অবস্থা। পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে ডবলমুড়িং, নাসিরাবাদ, পতেঙ্গাসহ নগরীর নিম্নাঞ্চলগুলোতে।
জলাবদ্ধতার কারণে রাস্তায় যানবাহন চলাচল কমে যাওয়ায় কোমরপানি হেঁটে চলাচল করতে হচ্ছে নগরবাসিকে। বৃষ্টির কারণে বন্দরের বহিনোঙ্গরে পণ্য ওঠানামা বন্ধ থাকলেও অন্যসব কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এছাড়া চট্টগ্রাম ও সিলেটের কোথাও কোথাও ভূমিধসের সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস।