সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব রঞ্জিত কুমার বিশ্বাস সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার রাজশাহী থেকে ঢাকায় আসার পথে বেলা সাড়ে ৩টার দিকে নাটোরে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। শেষ খবর পাওয়া পর্যন্ত তার শরীরে অস্ত্রোপচার চলছিল।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সাত্তার সাংবাদিকদের বলেন, বেলা সাড়ে ৩টার দিকে নাটোরের বড়াইগ্রাম থানার রাজাকারের মোড় এলাকায় সচিবের গাড়ি সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে নাটোরের একটি ক্লিনিকে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়। পরে ওই ক্লিনিকের অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিত্সার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের প্রধান বি কে দাম জানান, তার (রঞ্জিত কুমার বিশ্বাস) লেফট হিপ ডিসপ্লেসড হয়ে গেছে। অস্ত্রোপচার চলছে। এ ছাড়া মাথায় গুরুতর আঘাত লেগেছে। তাকে ঢাকায় পাঠানো হবে।
রাজশাহী নগরের সার্কিট হাউসে গতকাল বৃহস্পতিবার একটি বৈঠকে অংশ নেন সংস্কৃতিসচিব।
সকাল সাড়ে ১০টার দিকে সার্কিট হাউস থেকে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন। পথিমধ্যে নাটোরে তিনি এ দুর্ঘটনার শিকার হন।