চট্টগ্রামের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাড়ে ৫ ঘণ্টার পর চলাচল শুরু হয়েছে। রোববার বিকেলে সীতাকুণ্ডের কুমিরা স্টেশন থেকে উদয়ন এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে গেছে।
এর আগে চট্টগ্রামের ভাটিয়ারিতে অবস্থিত একটি রেলসেতু অতিবৃষ্টিতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় বেলা ১১টা ২০ মিনিট থেকে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। ওই সময় সেতুর দুই পাশে ৩টি ট্রেন আটকা পড়ে।
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. আবদুল হাই বলেন, অতিবৃষ্টি থেকে সৃষ্ট পানির প্রবল স্রোতে ভাটিয়ারি ইউনিয়নের মাদামবিবির হাট নেভিগেট এলাকায় অবস্থিত ৩৪ নম্বর রেলসেতুটি দুর্বল হয়ে যায়। এতে সেতুটি রেল চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এ কারণে সেতু দিয়ে রেল চলাচল বন্ধ রাখা হয়।
তিনি বলেন, সাময়িকভাবে ট্রেন চালু করার জন্য আপলাইন (ঢাকামুখী লাইন) সংস্কার করা হয়েছে। মেরামতের কাজ শেষে আপলাইন দিয়ে ডাউন লাইনে থাকা উদয়ন এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়।