বিএনপি নেতা খালেদা জিয়ার আন্দোলনের হুমকি আষাঢ়ের তর্জন-গর্জন ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মধুমতি নদীর উপর নির্মাণাধীন শেখ লুৎফর রহমান সেতু পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, যে দল ঢাকা শহরে ৫০০ লোকের মিছিল করতে পারে না, সেই দলের আন্দোলনের হুমকি আষাঢ়ের তর্জন-গর্জন ছাড়া আর কিছুই নয়।
দল যেন সরকারের মধ্যে হারিয়ে না যায় আওয়ামী লীগের ৬৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এ আহ্বান জানিয়ে যোগাযোগমন্ত্রী বলেন, সরকার ক্ষমতায় আসলে অনেক আবর্জনা দলে এসে দলকে সমালোচনার মুখে ফেলে দেয়। দল থেকে এসব আগাছাকে ঝেড়ে ফেলতে হবে।
সৌরভে-গৌরবে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এগিয়ে চলেছে। দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এ ধারাকে অব্যাহত রাখতে দলীয় নেতাকর্মীদের প্রতি তিনি আহ্বান জানান তিনি।
এর আগে যোগাযোগমন্ত্রী বঙ্গবন্ধুর মাজারে দলের ও নিজের পক্ষ থেকে আলাদা আলাদা পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।