চট্টগ্রামের লালখান বাজারে মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনায় এসিড আইনে করা মামলায় হেফাজতে ইসলাম নেতা মুফতি ইজহারুল ইসলাম ও তার ছেলে হারুণ ইজাহারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।
বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ এসএম মজিবুর রহমানের আদালতে অভিযোগ গঠন করা হয়। আগামী ১৫ জুলাই এ মামলায় পরবর্তী শুনানির দিন ঠিক করা হয়েছে।
চট্টগ্রাম মহানগর আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ফখরুদ্দিন চৌধুরী বলেন, আদালত মুফতি ইজাহারুল ইসলাম ও মুফতি হারুণ ইজাহারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন।
এর আগে গত ৫ জুন মুফতি ইজাহার ও তার ছেলে হারুণের বিরুদ্ধে এসিড মামলায় দেয়া পুলিশের অভিযোগপত্র আমলে নেয় আদালত।
গত ২৮ মে মামলার তদন্ত কর্মকর্তা খুলশী থানার এসআই মো. লোকমান হোসেন এ মামলার অভিযোগপত্র চট্টগ্রাম মহানগর আদালতের পুলিশ প্রশিকিউশন শাখায় জমা দেন। এতে এসিড নিয়ন্ত্রণ আইনের ৩৬ ধারায় মুফতি ইজাহার ও হারুণ ইজাহারকে অভিযোগপত্রভুক্ত করা হয়। অভিযোগপত্রে ৩৪ জনকে সাক্ষী করা হয়েছে।
হেফাজতে ইসলামের নায়েবে আমির ও লালখান বাজার মাদ্রাসার পরিচালক মুফতি ইজাহার পলাতক রয়েছেন। তবে তার ছেলে মুফতি হারুণ ইজাহার গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।
গত বছরের ৭ অক্টোবর নগরীর লালখান বাজারের জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার দারুল ইফতা ভবনের তৃতীয় তলার একটি কক্ষে বিস্ফোরণে আহত ৫ জনের মধ্যে তিন জনের মৃত্যু হয়।
মাদ্রাসা কর্তৃপক্ষ শুরুতে এটিকে ল্যাপটপ বিস্ফোরণ বলে চালাতে চাইলেও ওই মাদ্রাসায় অভিযান চালিয়ে হাতবোমা, এসিডসহ বিস্ফোরকের মজুদ পায় পুলিশ। এ ঘটনার পর পুলিশ বাদী হয়ে বিস্ফোরক ও এসিড আইনে দুটি এবং একটি হত্যা মামলা করে।
গত ১০ ফেব্রুয়ারি বিস্ফোরক মামলায়ও মুফতি ইজাহার ও তার ছেলে হারুণসহ নয় জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয় পুলিশ। গত ৬ এপ্রিল এ মামলায় অভিযোগ গঠন করা হয়।
এছাড়া সম্পদ বিবরণীর মামলায়ও মুফতি ইজাহারের বিরুদ্ধে আদালতে অভিযোগ শেষে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।