রাঙামাটি সফরের প্রতিবাদে শহরের বিভিন্ন সড়ক অবরোধ করে পার্বত্য চট্টগ্রামে সফররত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আন্তর্জাতিক কমিশন সদস্যদের গাড়িবহরে (সিএইচটি কমিশন) হামলা চালিয়েছে ছয়টি বাঙালি সংগঠন।
পর্যটন মোটেল থেকে পার্বত্য কমিশন সদস্যরা বের হওয়ার সময় বাঙালি সংগঠনগুলোর নেতাকর্মীরা তাদের এ হামলা চালায়। তাদের বহনকারি গাড়িটি পর্যটন কমপ্লেক্স থেকে বের হওয়ার সময় ইটপাটকেল নিক্ষেপ শুরু করে তারা।
এ সময় কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনু সোহেল ইমতিয়াজের মাথা ফেটে যায়। গাড়ির কাঁচ ভেঙ্গে কমিশনের সঙ্গে থাকা হিল উইমেন্স ফেডারেশনের সাবেক নেত্রী ও পার্বত্য কমিশনের রিচার্স অফিসার ইলিরা দেওয়ান আহত হয়েছেন।
পরে ২ রাউন্ড ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ।
কমিশন সদস্যরা কোতয়ালি থানায় অবস্থান করছেন। পরিস্থিতি শান্ত হলে তাদের রাঙামাটি বাইরে নিরাপদে পাড় করে দেয়া হবে জানিয়েছে পুলিশ।
এর আগে খাগড়াছড়ির বাবুছড়াসহ আশপাশের এলাকা পরিদর্শন শেষে পাহাড়ে বসবাসকারী আদিবাসীরা এখনো হুমকির মধ্যে রয়েছে বলে জানায় সিএইচটি কমিশন।
গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কমিশনের কো-চেয়ার সুলতানা কামাল। কোথাও যেন তাদের প্রতি অন্যায্যতা চলছে। আদিবাসী জনগোষ্ঠীর নিরাপত্তা, শান্তিপূর্ণ বসবাস এবং মৌলিক অধিকার নিশ্চিত করতে প্রশাসনকে ভূমিকা রাখার অনুরোধ জানিয়েছেন কমিশনের সদস্যরা।