খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের সাপমার ও ব্যাঙমারার মধ্যবর্তী এলাকা থেকে রোববার রাতে জাইকা-জিওবি সেতু নির্মাণ প্রকল্পের কাজে নিয়োজিত ৪ শ্রমিককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। পুলিশ ও স্থানীয় সূত্র দাবি, চাঁদা না পেয়ে ওই শ্রমিকদের অপহরণ করা হয়েছে।
অপহৃতরা হলেন, বুলডোজার ও ফেলোডারের চালক মো. ফারুক, মো. রাজু ও হারুন। আর অন্য একজনের নাম-পরিচয় জানা জায়নি।
এলাকাবাসীর উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, দুর্বৃত্তরা বেশ কয়েকদিন ধরেই ঠিকাদারের প্রতিনিধিকে খোঁজাখুঁজি করে আসছিল। জানা গেছে, রোববার বিকেলেও তারা আসছিল। পরে রাত আনুমানিক ১২টা নাগাদ দুর্বৃত্তরা লেবার শেডের বাইরে কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে প্রথমে আতঙ্ক সৃষ্টি করে। এরপর ঘুম থেকে জেগে উঠা ৪ শ্রমিককে নিয়ে যায়।
খবর পেয়ে রামগড় সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শাহজাহান এবং মাটিরাঙ্গা থানার ওসি মাঈনুদ্দীন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেন।
নিরাপত্তাবাহিনী সূত্র জানা গেছে, ঘটনার পর থেকে পুরো এলাকায় সেনাবাহিনী ও পুলিশের অতিরিক্ত মোতায়েন করা হয়েছে। ফোর্স সন্ধিগ্ধ এলাকায় জোর তল্লাশি অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ২০১৩ সালের ৬ সেপ্টেস্বর যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কে আঞ্চলিক সড়কে ১৬টি বেইলী ব্রিজকে স্থায়ী ব্রিজে উন্নীত করার কাজের উদ্বোধন করেন। এসব উন্নয়ন কাজের জাইকার অর্থায়নে ৭টি ও বাংলাদেশের সরকারের অর্থায়নে ৯টি স্থায়ী ব্রিজের উন্নয়ন কাজ চলছে।