ক্ষুধার্ত অজগরের শিকার হয়েছে এক জ্যান্ত শিয়াল। গতকাল রোববার নওগাঁর ধামইরহাটের আলতাদিঘী জাতীয় উদ্যানে ক্ষুধার জ্বালা মেটাতে বিশাল আকৃতির অজগরটি রাত ১১টার দিকে বের হয়ে আসে।
অজগরের কবলে পড়া শিয়ালের ভয়ার্ত হাঁকে প্রায় অর্ধশত শিয়াল এটিকে রক্ষার জন্য ভীষণ চিত্কার শুরু করলে স্থানীয় গ্রামবাসী আতঙ্কিত হয়ে লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বলে জানান এলাকাবাসী।
লোকজনের উপস্থিতিতে অন্য শিয়ালগুলো পালিয়ে গেলেও ক্ষুধার্ত অজগরটি তার শিকার শিয়ালটিকে ছাড়েনি। শিয়ালটিকে খেয়ে ফেলার দৃশ্য একনজর দেখতে ওই রাতেই বনে ভিড় করে শত শত গ্রামবাসী।
ওই এলাকার বাসিন্দা আবু মুছা স্বপন বলেন, এ ধরনের দৃশ্য বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দেখেছি, সরাসরি অজগরের শিয়াল খেয়ে ফেলার দৃশ্য দেখতে পাব কখনো কল্পনাও করিনি।
ধামইরহাট উপজেলা বনবিট কর্মকর্তা লক্ষ্মণ চন্দ্র ভৌমিক বলেন, অজগরটি এ শিয়ালকে খেয়ে ফেলার মাধ্যমে প্রায় ছয় মাসের আহার করে নিল। বর্তমানে অজগরটি সুস্থ রয়েছে বলেও জানান তিনি।