চতুর্থ দিনের মতো খুলনায় চিকিৎসকরা কর্মবিরতি পালন করায় দুর্ভোগে পড়েছেন রোগীরা।
কর্মবিরতি চলায় সরকারি হাসপাতালগুলোতে শুধুমাত্র চিকিৎসকদের একটি দল জরুরি রোগীদের চিকিৎসাসেবা প্রদান করছেন। তারা ব্যক্তিগত চেম্বার থেকেও বিরত থাকায় বিপাকে পড়েছেন রোগীরা।
পেশাগত নিরাপত্তা নিশ্চিত ও চিকিৎসক অপহরণ মামলায় দোষীদের গ্রেপ্তার করা না পর্যন্ত এ ধর্মঘট অব্যাহত রাখার সিদ্ধান্তের কথা জানা গেছে।
মঙ্গলবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাপাতাল থেকে অনেক রোগীকে চিকিৎসাসেবা না নিয়ে ফেরত যেতে দেখা গেছে।
এদিকে, এ ঘটনায় চিকিৎসকের অবহেলায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যুর অভিযোগে আন্দোলনে নেমেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও।
এ ঘটনার প্রতিবাদে বেলা ১১ টা থেকে বিশ্ববিদ্যালয়ের অদ্যম বাংলার সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূর্চি পালন করেছেন তারা। আর এই মানববন্ধনে চিকিৎসকের অবহেলায় ছাত্রের মৃত্যুর অভিযোগ আনা হয়েছে।
একই সঙ্গে চিকিৎসকদের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড ফায়েকুজ্জামান।
গত বুধবার দুপুরে সড়ক দুঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ছাত্র অমিত রায় গুরুতর আহত হন। তাকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পরে সন্ধ্যায় গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার তার অবস্থার অবনতি হলে ওইদিন রাত ৮টায় ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। পথিমধ্যে তার মৃত্যু হয় –এ খবর ক্যাম্পাসে পৌঁছালে বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র ভোর রাতে গাজী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে হামলা চালায় ভাঙচুর করে। ওই্ সময় ডা. বাপ্পাকে তুলে ক্যাম্পাসে নিয়ে যায়। এ ঘটনার প্রায় তিন ঘণ্টা পর পুলিশ তাকে উদ্ধার করে।
এসব ঘটনায়র প্রতিবাদে বিএমএ, প্রাইভেট প্রাক্টিশনার সমিতি, ক্লিনিক ও ডায়াগনিস্টিক মালিক সমিতি যৌথ সভা করে শনিবার সকাল থেকে ৪৮ ঘণ্টার সরকারি বেসরকারি সব চিকিৎসাসেবা কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করে।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ), বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্রাকটিশনার্স অ্যাসোসিয়েশন (বিপিএমপিএ), বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের (বিপিসিডিওএ) এ কর্মবিরতিতে সম্মতি প্রকাশ করে।
রোববারের মধ্যে চিকিৎসকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালের পাশাপাশি সব সরকারি হাসপাতালেও চিকিৎসা সেবা বন্ধ করে দেয়া হবে বলে হুমকি দেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সহসভাপতি শেখ বাহারুল আলম।
এ ব্যাপারে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মোহাম্মদ ফায়েকউজ্জামান বলেন, যেহেতু ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের বাইরে ঘটেছে, সেহেতু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর সঙ্গে সংশ্লিষ্ট নয়।
তবে বিষয়টি যথাযথ নিস্পত্তি হওয়া উচিত –আর অসুস্থ রোগীদের কথা বিবেচনা করে চিকিৎসা কার্যক্রম চালু রাখতে তিনি চিকিৎসকদের প্রতি আহ্বান জানান।
এদিকে, খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ছাত্র অমিত রায় নিহত হওয়ার জের ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে। চিকিৎসকের অবহেলার অভিযোগ এনে ক্ষতিপূরণ দাবি করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আর এ দাবি বাস্তবায়নের জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।