নারায়ণগঞ্জে তীব্র গ্যাস সংকটের কারণে সাধারণ মানুষের দুভোর্গ চরম আকার ধারন করেছে। এর পরিপ্রেক্ষিতে বুধবার শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় অবস্থিত তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন অ্যান্ড ট্রান্সমিউশন কোম্পানির আঞ্চলিক অফিস ঘেরাও করে বিক্ষোভ করে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’ সংগঠন ও নারায়ণগঞ্জ নগর বিএনপি।
এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি হাজী নুরউদ্দিন ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মন্টু।
এর আগে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সমাবেশ শেষে মিছিল নিয়ে তিতাস আঞ্চলিক অফিস ঘেরাও করে নারায়ণগঞ্জ নগর বিএনপি। এ সময় বক্তব্য রাখেন নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল ও মহানগর যুবদলের আহবায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
বক্তারা বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে গ্যাসের সংকট দূর না হলে ডিসি অফিস ঘেরাও করে বৃহত্তর আন্দোলন করা হবে।
নারায়ণগঞ্জবাসীকে সংগঠনের নেতৃবৃন্দরা গ্যাসের বিল প্রদান না করতে গ্রাহকদের প্রতি আহ্বান জানায় নগর বিএনপি।