সারাদেশব্যাপী এক লাখ ওয়াইফাই জোন করা হবে – বাংলাদেশের মানুষ বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ছেলে এবং তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
শনিবার রংপুরের পীরগঞ্জের ফতেপুর কছিমননেছা মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ে মাঠে আয়োজিত সভায় এ কথা বলেন তিনি। পরিকল্পনা রয়েছে, প্রতিটি স্কুল-বিশ্ববিদ্যালয়ে ওয়াইফাই জোন করা হবে—এ কথা উল্লেখ করে জয় বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে।
সেখানে তিনি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সহায়তায় নতুন কম্পিউটার ল্যাবের উদ্বোধন করেন। এরপরই জয় পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, শাহ আব্দুর রউফ কলেজ ও কছিমননেছা বালিকা উচ্চবিদ্যালয়ে ওয়াই-ফাই সংযোগের উদ্বোধনের পাশাপাশি সেখানে টেলিটকের তৃতীয় প্রজন্মের (থ্রি-জি) সেবা উদ্বোধন করেন। বেলা সোয়া ১২টার দিকে রংপুরের পীরগঞ্জের ফতেপুর গ্রামে পৌঁছেন জয়। পৈত্রিক বাড়িতে বিশ্রামের পর বাবা ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, সাভারের সংসদ সদস্য ডা. এনামুর রহমান প্রমুখ।
সকাল ৬টা ২০ মিনিটে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন এক নম্বর গেট থেকে রংপুরের উদ্দেশে যাত্রা শুরু করেন জয়।
এর আগে প্রথমে সিরাজগঞ্জে যমুনা রিসোর্ট এবং পরে বগুড়া পর্যটন মোটেলে যাত্রা বিরতি করেন তারা। বিকেলেই ঢাকার উদ্দেশে রওয়ানা হওয়ার কথা রয়েছে তার।