আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়ক যে কোনোমূল্যে আগামী ৩ দিনের মধ্যে যান চলাচলের উপযোগী করার নির্দেশ দিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়ক পরিদর্শনে গিয়ে সড়কটির বেহাল অবস্থা দেখে তিনি তাৎক্ষণিক ঢাকা সড়ক বিভাগের নিবার্হী প্রকৌশলীকে সাভারের আশুলিয়া অঞ্চল থেকে অব্যহতি দেন।
মহাসড়ক পরিদর্শন শেষে যান চলাচলের অনুপযোগী হওয়ায় এবং দায়িত্বে অবহেলার কারণে তাকে এ অব্যাহতি দেয়া হয়েছে বলে জানান তিনি।
আহসান হাবীবের স্থলে মানিকগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ উদ্দিনকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
এ সময় মন্ত্রী আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়কের জামগড়া এলাকা থেকে বাইপাইল পর্যন্ত রাস্তার বিভিন্ন স্থানে নেমে পরিদর্শন করেন। কয়েক কিলোমিটার সড়ক যান চলাচলের অনুপোযোগী বলে স্বীকার করে প্রকৌশলিদের ওপর অসন্তোষ প্রকাশ করেন।
এছাড়া তিনি আরো বলেন, ঈদকে সামনে রেখে সারাদেশের সকল সড়কগুলো ইতিমধ্যে সংস্কার করা হয়েছে।
মন্ত্রীর সঙ্গে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমানসহ সড়ক ও জনপদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।