ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন অংশ খানা-খন্দের কারণে আশুলিয়া এলাকায় যানজট নিত্য দিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বাইপাইল-আব্দুল্লাহপুরে মহাসড়কে যানজট কিছুতেই কমছে না। ফলে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
রাস্তার খানা-খন্দ, ড্রেনেজ ব্যবস্থা না থাকা, রাস্তার উপর অবৈধ বাজার আর অবৈধ অটোরিক্সা চলাচলের কারণেই এ যানজটের সৃষ্টি হচ্ছে বলে মনে করছে এলাকাবাসীরা।
প্রতিদিন এ মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের ১৬ রুটের যানবাহনসহ পোশাক কারখানার শ্রমিক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার প্রায় দুই লাখ মানুষ চলাচল করে। মহাসড়কের বিভিন্ন স্থানে বিশেষ করে ইউনিক, শিমুলতলা ও জামগড়া এলাকায় রয়েছে অসংখ্য খানা-খন্দ। মহাসড়কে নেই কোনো ড্রেনেজ ব্যবস্থাও। এতে অল্প বৃষ্টিতেই মহাসড়কে পানি জমে যায়। স্বাভাবিকভাবে চলাচল করতে না পেরে তৈরি হয় তীব্র যানজট।
এলাকাবাসীরা বলছেন, যানজটের কারণে সময় মতো কোথাও পৌছানো যায় না। তাই সময় মতো বাড়ি গিয়ে ঈদ করতে পারবো কি-না, তাও বলতে পারি না।
খানা-খন্দসহ রাস্তার ওপর অবৈধ বাজার আর অবৈধ অটোরিক্সা চলাচলকে দায়ী করে এলাকাবাসীরা বলেন, ফুটপাতে দোকান থাকায় হেঁটে যাবার মতো অবস্থা নেই। আর রাস্তা যে সকল জায়গা ভেঁঙে গেছে সেগুলো মেরামত করা হচ্ছে না। ফলে বৃষ্টি হলে পানি জমে যাচ্ছে এবং কাদার সৃষ্টি হচ্ছে।
এদিকে, ঈদকে সামনে রেখে যানজট এড়াতে বাড়তি জনবল নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন আশুলিয়ার ট্রাফিক সার্জেন্ট শফিউল আলম।
তিনি বলেন, ‘ঈদকে সামনে রেখে অতিরিক্ত ট্রাফিক পুলিশ নিয়োগ করা হয়েছে। যাতে ঈদে যাত্রীরা ভালোভাবে বাড়ি যেতে পারে।’