ঢাকার ধামরাইয়ের শ্রীরামপুরে সোমবার ঢাকা-আরিচা মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন জন মারা গেছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। এদিকে, সিরাজগঞ্জের তাড়াশের মহিষলুটিতে ট্রাক-পিকআপ ভ্যানের মুখোমুখী সংঘর্ষে দুই মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।
তারা হলেন: সিরাজুল ইসলাম (৩০), কাওসার (২২) ও বিশ্বজিত্ (৪০)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বাসের সঙ্গে মানিকগঞ্জগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে সিরাজ ও কাওসার ঘটনাস্থলে ও বিশ্বজিত্ মানিকগঞ্জ সদর হাসপাতালে মারা যান। আহত ব্যক্তিদের স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ বাস, ট্রাক ও মরদেহ হেফাজতে নিয়ে যায়। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে।
এদিকে, সিরাজগঞ্জের তাড়াশের মহিষলুটিতে ট্রাক-পিকআপ ভ্যানের মুখোমুখী সংঘর্ষে দুই মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে ৫ জন। সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি,এম, ইমদাদুল হক জানান, সকাল সাড়ে ৬টার দিকে সিরাজগঞ্জ থেকে মাছ ব্যবসায়ীদের নিয়ে একটি পিকআপ ভ্যান তাড়াশের মহিষলুটি মাছের আড়তে যাচ্ছিল।
এ সময় টিকআপ ভ্যানটি হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার মহিষলুটি এলাকায় পৌঁছিলে নাটোরের বনপাড়া থেকে ঢাকাগামী একটি ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিরাজগঞ্জ পৌর এলাকার শাদেনগর মহল্লার দেবেন হালদারের ছেলে বিপুল (৪৫) ও আবুল তালুকদারের ছেলে জাকির (৪০) নামের দুই মাছ ব্যবসায়ী নিহত হন।
জাকারিয়া, মানিক ও কৃঞ্চসহ আহত হয়েছেন অন্ততপক্ষে ৫ জন।
পরে খবর পেয়ে স্থানীয় লোকজন ও হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেছে।