হবিগঞ্জের মাধবপুর উপজেলার নয়াপাড়ায় ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন ৩ জন। বুধবার সকাল ৯ টার দিকে রেললাইনের উপর থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন বুটলা (৩০) পিতা নান্নু মিয়া, শিপন (২৫) পিতা রইস উদ্দিন, ফরিদ (৩২) পিতা নয়ন মিয়া। তাদের বাড়ি মাধবপুর থানার ৯ নম্বর নয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামে।
অনেকে ধারনা, ৩ জনকে হত্যা করে হবিগঞ্জের উপজেলার নয়াপাড়া ঢাকা-সিলেট রেললাইনের উপর ফেলে রেখে যায় কেউ।
নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার মইনুল হক ও শায়েস্তাগঞ্জ রেল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ওসমান গণি বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশেরও ধারনা, ওই তিন জনকে হত্যার পর মৃতদেহ রেল লাইনের উপর ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
এদিকে, মাধবপুর থানার ওসি আ. বাছেদ বলেন, ভোরে সিলেট থেকে ঢাকাগামী উপবন ট্রেনে কাটা পরে তাদের মৃত্যু হয়। তারা হত্যার শিকার কিনা তা এখনও জানা যায়নি।