নির্ধারিত সময়ে যশোর-খুলনা মহাসড়কের সংস্কার কাজ সম্পন্ন না হওয়ায় সড়ক ও জনপথ অধিদপ্তরের খুলনা অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আলীকে শোকজ করা হয়েছে।
যশোর-খুলনা মহাসড়ক যোগাযোগ মন্ত্রণালয়ের গলারকাঁটা—উল্লেখ করে এর দায়িত্ব নিজেই নিয়ে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের যশোর, কুষ্টিয়া ও সাতক্ষীরা অঞ্চলের নির্বাহী প্রকৌশলীদের অতিরিক্ত দায়িত্ব দেন।
বুধবার যশোর-খুলনা মহাসড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের মন্ত্রী বলেন, ঈদের আগে যথাসময়ে এ সড়কের সংস্কার কাজ সম্পন্ন করতে ব্যর্থ হওয়ায় মোহাম্মদ আলীকে এ নোটিশ দেয়া হয়েছে।
একইসঙ্গে আগামী ৩ দিনের মধ্যে সড়কটির সংস্কার কাজ সম্পন্ন করতে যশোর সওজের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হায়দারের সঙ্গে কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী মেহেদি খান ও সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী সাইফুদ্দিনকে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে বলে জানান মন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, ৬৬ কিলোমিটার যশোর-খুলনা মহাসড়কের মাত্র ৩ কিলোমিটারের ভাঙাচোরা। এর দেড় কিলোমিটার সংস্কার কাজ শেষ হয়েছে। বাকি দেড় কিলোমিটারের অবস্থা এখনও খারাপ।
তিনি বলেন,এরইমধ্যে ঠিকাদারের কার্যাদেশ বাতিল করে নতুন ঠিকাদারকে দায়িত্ব দেয়া হয়েছে। তবে বর্ষা শুরু হয়ে যাওয়ায় ঠিকাদররা ঠিকমত কাজের সুযোগ পাননি।