সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় বগুড়া-৭ (গাবতলী ও শাহজাহানপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলতাব আলী (৭০) অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও সঙ্গে থাকা গৃহপরিচারিকা আয়না খাতুন (৩৫) মারা গেছেন।
বুধবার দুপুর পৌনে ২টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের কড্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হয়েছেন সাংসদের স্ত্রীসহ ৫জন। তাদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী দেশ টিভিকে বলেন, সাংসদ আলতাব আলী, তার স্ত্রী হাসনা বানু ও তার আত্মীয় ও গৃহপরিচারিকা নিয়ে ঢাকা থেকে বগুড়া যাওয়ার পথে সিরাজগঞ্জের কড্ডা এলাকায় পৌঁছালে তাদের বহন করা মাইক্রোবাসটির চাকা পামচার হয়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা কুড়িগ্রাম থেকে ঢাকাগামী সুরমা পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গৃহপরিচারিকা আয়না খাতুন মারা যান। আহত হন সাংসদসহ ৫ জন।
সাংসদের মাথায় আঘাত লেগেছে এবং একটি হাত ভেঙে যেতে পারে বলে চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে ধারনা করছেন।
তবে তিনি ও তার স্ত্রী আশঙ্কামুক্ত বলে কর্তব্যরত চিকিৎসক ডা. সুব্রত সাহা জানান।
এদিকে, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কমর্কর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে।