নারায়ণগঞ্জে ৭ খুনের ঘটনার প্রধান আসামি নূর হোসেনের সহযোগী আলী মোহাম্মদ বৃহস্পতিবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
এদিকে, হাইকোর্টের নির্দেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের গঠিত সাত সদস্যের তদন্ত কমিটি র্যাব-১১ এএসপি শাহরিয়ার মেহেদীর স্বাক্ষ্যগ্রহণ করেছেন।
গত ১৯ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাউড়া এলাকা থেকে আলী মোহাম্মদকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন রোববার নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম মনোয়ারা বেগমের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করলে ৬ দিন রিমান্ড মঞ্জুর করে আদালত।
রিমান্ডে থাকা অবস্থায় বৃহস্পতিবার তাকে জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাঁদনী রূপমের আদালতে হাজির করা হয় তাকে।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ থেকে ২৭ এপ্রিল একসঙ্গে সাত ব্যক্তি অপহৃত হন। তারা হলেন: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, নজরুলের গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার ও তার ব্যক্তিগত গাড়ির চালক ইব্রাহিম।
এর ৩ দিন পর শীতলক্ষ্যা নদী থেকে ছয় জন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরের দিন আরেক একজনের মৃতদেহ উদ্ধার করা হয়।