বরিশালের কাটপট্রিতে খান সন্স গ্রুপের জাকাতের অর্থ, লুঙ্গি ও শাড়ি আনতে গিয়ে পদদলিত হয়ে ২ নারী মারা গেছেন। আহত হয়েছেন ৫ জন। শুক্রবার সকালে সন্স গ্রুপের প্রধান অফিস কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন: রসুলপুর এলাকার নুপুর (৩৫) ও ফিরোজা (৫০)।
নিহত নুপুরের স্বজনদের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সকাল সাড়ে ৯টার দিকে নগরীর কাটপট্রিতে খান সন্স গ্রুপ জাকাতের অর্থ, লুঙ্গি, শাড়ি গরিবদের মাঝে বিতরণ শুরু হলে সেসময় প্রচুর লোক হয়। ফলে ধাক্কাথাক্কিতে নীচে পরে গিয়ে পদদলিত হয় মারা যান তারা।
তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষনা করে।
এছাড়া,আহত রেশমা সহ অজ্ঞাত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, উপ-পুলিশ কমিশনার মো: শোয়েব আহম্মেদ দেশ টিভিকে জানিয়েছেন, পুলিশ কে না জানিয়ে যাকাতের কাপড় দেয়া হয়। তারপরও এ ঘটনায় পুলিশ ততক্ষনাত ঘটনাস্থলে উপস্থিত হয়।
বিক্ষুব্ধ রসুলপুরের বস্তিবাসী থানা ঘেরাও করে রেখেছে।