টাঙ্গাইল মডেল থানার এ এস আই মো.নুরুল ইসলামকে গুলি করে হত্যা মামলার প্রধান আসামী নুরুল ইসলাম উল্কা (২৮) সোমবার পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।
পুলিশ সুপার সলেহ মোহাম্মদ তানভীরের উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, গোপন সংবাদের ভিক্তিতে পুলিশ ভোর ৫টার দিকে মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নের দক্ষিণ তাকিয়া কদমা গ্রামে অভিযান চালায়। এসময় উল্কা বাহিনীর সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। গুলি বিনিময়ের এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে উল্কা মারা যান।
তার সহযোগী শাহেদ এক চোখে ও সাগর এক পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় পুলিশী প্রহরায় মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ঘটনাস্থল থেকে ২টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
নুরুল ইসলাম উল্কা বিরুদ্ধে টাঙ্গাইল মডেল থানায় ২টি হত্যাসহ ৬টি মামলা রয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে উল্কার বাড়িতে পুলিশ অভিযান চালালে সে পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে পালিয়ে যায়। তার গুলিতে এ এস আই নুরুল ইসলাম নিহত হয়। এস আই মো. রফিকুল ইসলাম বাদি হয়ে উল্কাকে প্রধান আসামী করে মামলা দায়ের করেন।