গাজার জাবালিয়ায় জাতিসংঘের স্কুলে হামলায় ১৫ জন নিহতের ঘটনা তদন্ত করবে ইসরায়েল। সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালায় না তারা।
এর আগে, গাজায় শেজাইয়া এলাকায় একটি কাঁচাবাজারে ইসরায়েলি বিমান হামলায় নতুন করে নিহত হয়েছেন ১৭ ফিলিস্তিনি। আহত হয়েছেন আরো ১৬০ জন।
শহরের দক্ষিণে খান ইউনিসে শরণার্থী শিবিরে আরেক হামলায় ৭ জনের প্রাণহানি হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর ডাকা ৪ ঘণ্টার যুদ্ধবিরতির মাঝে এ হামলার ঘটনা ঘটেছে।
এ নিয়ে বুধবার কমপক্ষে ১০৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ২৩ দিনের ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩৩৬ জনে দাঁড়িয়েছে।
এদিকে, জাবিলিয়ায় জাতিসংঘের স্কুলে হামলায় ১৫ জন নিহত হওয়ার ঘটনায় ইসরায়েলকে অভিযুক্ত করে নিন্দা জানিয়েছে জাতিসংঘ।
সংস্থাটির মহাসচিব বান কি-মুন বলেছেন, ঘুমন্ত শিশুদের ওপর হামলার চেয়ে লজ্জার আর কিছু নেই, এটি অত্যন্ত ও অসমর্থনযোগ্য ঘটনা। নির্বিচার এ হামলার জন্য দেশটির নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রও।