কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় পুলিশ সার্জেন্টসহ তিন জন মারা গেছেন। আহত হয়েছেন ৩ জন। বৃহস্পতিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বসন্তপুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: পুলিশ সার্জেন্ট নজরুল ইসলাম বেলাল (৫২), স্ত্রী মাসুদা আক্তার লাভনি (৩৫) ও মেয়ে নুসরাত তাবাচ্ছুম নিলা (৪)। আহতদের নাম এখনো জানা যায়নি।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী দেশটিভিকে জানিয়েছেন, নজরুল ইসলাম সকালে বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে তাদের বহনকারী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের বসন্তপুর ব্রিজের সঙ্গে ধাক্কা লাগে।
এসময় সার্জেন্ট নজরুল ও মেয়ে তাবাচ্ছুম ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় আহত হন তার স্ত্রীসহ আরও ২ জন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম সরকারি হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে নজরুলের স্ত্রী মারা যান।