নারায়ণগঞ্জ সাত হত্যা মামলায় র্যাপিড অ্যাকশন ব্যাপটালিয়ন (র্যাব)-১১'র সদস্য আব্দুল রাজ্জাক ও আজম ১৬৪ ধারায় সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতে সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।
নারায়ণগঞ্জ প্রতিনিধি দেশ টিভিকে জানিয়েছেন, সোমবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মনোয়ারা বেগমের আদালতে র্যাব-১১ এর সদস্য আব্দুর রাজ্জাক ও আজমকে হাজির করা হয়। তারা স্বাক্ষী হিসেবে ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেন।
এরআগে, ৭ হত্যা মামলার প্রধান আসামী নুর হোসেনের অন্যতম সহযোগী আলী মোহাম্মদ জুলাইয়ের ২৪ তারিখ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ থেকে ২৭ এপ্রিল একসঙ্গে সাত ব্যক্তি অপহৃত হন। তারা হলেন : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, নজরুলের গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার ও তার ব্যক্তিগত গাড়ির চালক ইব্রাহিম।
এর ৩ দিন পর শীতলক্ষ্যা নদী থেকে ছয় জন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরের দিন আরেক একজনের মৃতদেহ উদ্ধার করা হয়।