সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাত্রাকালে বঙ্গোপসাগরের কক্সবাজার শহরের সমিতি পাড়ার মোহনায় একটি ফিশিং ট্রলার ডুবে যায়। এতে মোহাম্মদ শাহীন (৩৫) নামের একজনকে উদ্ধার করা হলেও এ ঘটনায় আরো ১০ জন নিখোঁজ রয়েছে বলে ধারনা করা হচ্ছে।
সোমবার বেলা দেড়টার দিকে কক্সবাজার শহরের সমিতি পাড়াস্থ বঙ্গোপসাগরের মোহনায় ট্রলারটি ভেসে আসে। এতে এক ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় লোকজন কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেছে।
স্থানীয়রা জানিয়েছেন, ট্রলারটি ভেসে আসার পর পর তারা এগিয়ে গিয়ে লোকটিকে উদ্ধার করে হাসপাতালে নেন। এর পর একটি চক্র বিধ্বস্ত ট্রলারের ইঞ্জিল, মালামাল লুট করা শুরু করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি মাহফুজুর রহমান জানিয়েছেন, ট্রলারটির মালামাল জব্দ করা হয়েছে।
কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন শাহীন জানিয়েছেন, তার বাড়ি নরসিংদী জেলার রায়পুর উপজেলার আদিয়াবাসকান্দা গ্রামে। তার পিতার নাম জহিরুল হক। ট্রলারে তিনিসহ ৩০ জন লোক ছিলেন। ওখানে জয়নাল নামের তার আরেক ভাইও ছিল। তারা মালয়েশিয়া যাত্রাকালে উত্তাল সমুদ্রের ঢেউতে সোমবার সকালে ট্রলারটি বিধ্বস্ত হয়। এতে তিনিসহ ২০ জন বিভিন্নভাবে কুলে ফিরলেও প্রায় ১০ জন নিখোঁজ রয়েছেন।