মেহেরপুরের মুজিবনগর উপজেলার আমদাহ ইউনিয়নের সোনাপুর সীমান্তে শুক্রবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবদুল খালেক (৩১) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সোনাপুর সীমান্তের ১০৭ মেইন পিলারের কাছে বিএসএফের ছোড়া গুলির শব্দ শোনা যায়। ওই সময় সীমান্তে বিজিবির কোনো টহল ছিল না। পরে বিজিবি ও গ্রামবাসী ঘটনাস্থলে যান। সেখানে খালেককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। রাত ১২টার দিকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তির পরিবারের দাবি, জমিতে সেচযন্ত্র পাহারা দিতে সীমান্তে গিয়েছিলেন খালেক। তখন বিএসএফ তাকে লক্ষ করে গুলি করে।
তবে সীমান্ত এলাকায় বসবাসকারীরা বলেন, সীমান্ত দিয়ে গরু পারাপারের সময় খালেক বিএসএফের গুলিতে নিহত হন।
এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে বিএসএফের কাছে প্রতিবাদ জানানো হবে।