মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহতের ঘটনায় বর্ডার গার্ড বাংলাদশের (বিজিবি) এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মুজিবনগর সীমান্তের ১০৫ নম্বর আন্তর্জাতিক মেইন সীমানা পিলার এলাকায় কোম্পানি কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত ওই বৈঠকে হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানায় বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, বৈঠকের শুরুতেই সীমান্তে মরণঘাতী গুলির তীব্র প্রতিবাদ জানানো হয়।
আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফ এ বর্বরতার কৈফিয়ত তলব করা হয়। ভবিষ্যতে এমন ঘটনা ঘটবে না এবং বাংলাদেশিরা যাতে আইন মান্য করে সীমান্তে চলাচল করে তার অনুরোধ করেন বিএসএফ প্রতিনিধিরা।
শনিবার বেলা ১১টায় শুরু হওয়া এ বৈঠেকে বাংলাদেশের পক্ষে ৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মুজিবনগর ক্যাম্পে দায়িত্বরত কোম্পানি কমান্ডার সুবেদার শফিকুল ইসলাম। আর ভারতের পক্ষে নেতৃত্ব দেন ১১৯ ব্যাটালিয়ন হৃদয়পুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর রাম আবদার।
বৈঠকে বিএসএফ দাবি করে তাদের ওপর বোমা নিক্ষেপের কারণে তারা গুলি করেছে। তবে হত্যার ঘটনায় তারা ভুল স্বীকার করেছে।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মুজিবনগরের মাঝপাড়ার দুলু মল্লিকের ছেলে আব্দুল খালেক (৩০) ৫/৬ জন গরু ব্যবসায়ী ভারতে থেকে গরু আনার উদ্দেশে ১০৭ নং মেইন পিলারের নিকট পৌঁছালে ভারতের সুটিয়া ক্যাম্পের ১১৯ নং বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়।
এতে গুলিবিদ্ধ হয়ে খালেক মাটিতে লুটিয়ে পড়েন। পরে খালেকের সহযোগীরা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।