পদ্মার আকস্মিক ভাঙ্গন ও তীব্র স্রোতের কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌপথে ১১ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর সীমিত আকারে পারাপার চালু হয়েছে। বুধবার সকাল ৮টার দিকে কাওড়াকান্দি ঘাট থেকে ১১টি ফেরির চলাচল শুরু হয়।
নিরাপত্তার জন্য মাওয়া ঘাটে কোনো ফেরি নোঙ্গর করে না রেখে কাওড়াকান্দি ঘাটে ফিরিয়ে নেয়া হয়।
বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক একেএম আশিকুজ্জামান চৌধুরী জানিয়েছেন, পদ্মার তীব্র স্রোত ও ভাঙন এতোটাই ভয়ঙ্কর ছিল যে, ফেরি পারাপার সচল রাখার মতো অবস্থা ছিল না। ৩ নম্বর রো রো ফেরিঘাট থেকে শুরু করে লঞ্চঘাটের দিকে ৪০ ফুট এলাকা এবং এর আশপাশের আরো ৬০টি দোকানঘর পদ্মায় বিলীনহয়ে গেছে।
এদিকে, নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান সকালে মাওয়া ঘাট পরিদর্শন করে দ্রুত রো রো ফেরিঘাট পুনস্থাপন করার নির্দেশ দিয়েছেন।
এ ব্যাপারে কী করণীয় তা ঠিক করতে সংশ্লিষ্টদের নিয়ে মাওয়ার পদ্মা রেস্ট হাউজে বৈঠকও করেছেন নৌ পরিবহন মন্ত্রী।