নোয়াখালীর কবিরহাট উপজেলার চিরিঙ্গা এলাকায় শনিবার ভোররাতে গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছে। এ সময় আরো ৫ ডাকাতকে পিটুনি দেয়া হয়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাহবুবুল আলম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকটি ফাঁক গুলি ছোড়ে।
ডাকাতদের সঙ্গে সংঘর্ষে মোহাম্মদ হারুন ও মজিবুল হক নামের দুই গ্রামবাসী গুরুতর আহত হন। তাদের নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নোয়াখালী সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার নিষ্কৃতি চাকমা গণপিটুনিতে দুই ডাকাত নিহত হওয়া ও আহত পাঁচ ডাকাতকে আটক করার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মজিবুল হক সাংবাদিকদের বলেন, গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ১০-১২ জন ডাকাতের একটি দল উপজেলার ধানসিড়ি ইউনিয়নের নবগ্রামের একটি বাড়িতে হানা দেয়। ডাকাতি শেষে ভোররাত ৩টার দিকে তারা পাশের চিরিঙ্গা বাজারে ডাকাতি করতে গেলে বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বোর্ড অফিস এলাকার লোকজন ডাকাতদের ধাওয়া করে ঘিরে ফেলে। এ সময় উত্তেজিত জনতা সাত ডাকাতকে ধরে গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলে আজাদ (৩৫) ও অজ্ঞাতনামা এক ডাকাত নিহত হন। পরে গণপিটুনিতে আহত পাঁচ ডাকাতকে পুলিশ আটক করে।