সাতক্ষীরায় ‘ডাকাত সর্দার’ হিসেবে পরিচিত আবু দাউদকে (৫২) গতকাল শুক্রবার রাতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান সাংবাদিকদের বলেন, আবু দাউদ স্থানীয়ভাবে ডাকাত সর্দার হিসেবে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজিসহ ১২টি মামলা রয়েছে। তার বাড়ি সাতক্ষীরার সদর উপজেলার পারমাছখোলা গ্রামে।
স্থানীয়রা জানান, দাউদ রাতে মাছখোলা গ্রাম সংলগ্ন একটি মাছের ঘেরে থাকেন। সেখানে যাওয়ার পথে রাত সাড়ে ১২টার দিকে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে রাস্তার পাশে ফেলে রেখে যায়। আংশকাজনক অবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার টার দিকে মারা যান দাউদ।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সা কর্মকর্তা পরিমল কুমার বিশ্বাস জানান, আবু দাউদের শরীরের একাধিক স্থানে জখমের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ধারনা করা হচ্ছে প্রতিপক্ষ গ্রুপের সদস্যরা তাকে হত্যা করেছে।