বকেয়া বেতন পরিশোধের দাবিতে নারায়ণগঞ্জ বন্দরের মদনপুরে শনিবার সকালে পারটেক্স গ্রুপের শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এসময় প্রায় এক ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
পারটেক্স গ্রুপের শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধের দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করে আসছেন। সকাল সাড়ে ৮ টার দিকে কারখানার কয়েকশ শ্রমিক কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করতে থাকেন। পরে তারা ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে মদনপুর এলাকায় সড়কে বসে ও গাছের গুঁড়ি ফেলে এবং আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে।
পুলিশ প্রথমে শ্রমিকদের সড়ক ছেড়ে উঠে যাওয়ার জন্য অনুরোধ করে। শ্রমিকরা না যাওয়ায় সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকদের ওপর লাঠিচার্জ শুরু করেন।
এ সময় শ্রমিকরাও পাল্টা ইটপাটকেল ছুড়লে উভয়পক্ষের মধ্যে প্রায় আধাঘণ্টা ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে ২০ জন আহত হন। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে এবং সাড়ে ৯ টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।