দুই দিন নিখোঁজ থাকার পর পাবনা জেলা যুবলীগের সহ-ত্রাণ বিষয়ক সম্পাদক অসিত কুমার ভদ্রের (৪৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে জেলার চাটমোহর উপজেলার শরৎগঞ্জ কাটগড়া ব্রিজের কাছ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা- ওসি কাজী হানিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, তার স্ত্রী মুক্তি ভদ্রের জিডি থেকে জানা যায়, ২৩ আগস্ট বিকেল ৬টার দিকে সে পাবনা শহরের শালগাড়ীয়ার বাসা থেকে বের হওয়ার পর তাকে আর পাওয়া যাচ্ছিল না।
সোমবার চাটমোহর উপজেলার শরৎগঞ্জ কাটগড়া ব্রিজের কাছে একটি লাশ পরে আছে স্থানীয়দের এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
সংবাদ পেয়ে অসিত ভদ্রের পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত হয়ে অসিতের মরদেহ সনাক্ত করেন বলে জানান ওসি।
ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে ওসি জানান।
নিহত অসিত কুমার ভদ্র শহরের শালগাড়ীয়া এলাকার অর্শিনী ভদ্রের ছেলে।