নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপ থেকে দক্ষিণে বঙ্গোপসাগর এলাকায় দুটি মাছ ধরার ট্রলার ডাকাতির পর ২১ মাঝি-মাল্লাকে অপহরণ করেছে ডাকাতদল।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মো. ফজলে রাব্বী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
তিনি বলেন, ঘটনাস্থল নিঝুম দ্বীপ থেকে প্রায় ২০০কি. মি. দক্ষিণে বঙ্গোপসাগর এলাকায়। তাই অপহৃত জেলেদের উদ্ধারে বিলম্ব হচ্ছে।
সোমবার দুপুরে বাঁশখালী এলাকার জলদস্যু মান্নান গ্রুপের সদস্যরা এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় গুলিতে ৬ মাঝি মাল্লা গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বঙ্গোপসাগর থেকে মাছ ধরে তা নিয়ে ২১টি ট্রলার উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের জাগলার ঘাটে যাচ্ছিল। এসময় জলদস্যুরা জেলেদের ওপর এলোপাতাড়ি গুলি ছুড়ে তাদের ঘেরাও করে ২০০ মণ মাছ ও ২১ মাঝি মাল্লাকে অপহরণ করে নিয়ে যায়।
তারা আরো বলেন, এ সময় গুলিতে আহত হন এম ভি রুনা নামক ট্রলারের মাঝি মাল্লা সোনাদিয়া ইউনিয়নের মো. মহি উদ্দিন (৪০), মো. নুরুল ইসলাম (৪৫), মো. আফছার উদ্দিন (২৪), মো. এমালক সেরাং (৪৫), জাহাজমারা ইউনিয়নের মো. নুর উদ্দিন (৪৫)। তাদেরকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।